দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকার একটি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৯ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকায় একটি সংবাদ সম্মেলন করে দুই পরিবারের সম্পূর্ণ ব্যক্তিগত জমি সংক্রান্ত ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বকে রাজনৈতিক রং দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হয়েছে।
জেলা বিএনপির দাবি, রাজনৈতিকভাবে বিএনপি পরিবারকে হেয় করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাজ করছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল এবং গত ৫ আগস্টের পর দল পরিবর্তন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তারাই মূলত এলাকায় নানা অপকর্ম ও পারিবারিক বিরোধে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে।
একেএম মমিনুল হক আরও বলেন, উক্ত ঘটনার সঙ্গে বিএনপি পরিবারের কোনো সম্পর্ক নেই। নিজেদের জমিজমা বিরোধ নিয়ে থানায় যে মামলা করা হয়েছে, তার আসামি এবং বাদী উভয় পক্ষই একই পরিবারের আত্মীয়-স্বজন। এতেই স্পষ্ট যে, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সত্য গোপন করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে বলা হয়, বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনার বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রেজা স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদলের জেলা আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছসহ লালমনিরহাট জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন।
কেএম